শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করতে দলের সব নেতা-কর্মী প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কোনো অপশক্তিই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দুলু বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি। বরং সময়ের সঙ্গে দলটির জনপ্রিয়তা আরও বেড়েছে। দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই বিএনপি জয়লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার প্রত্যাশা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা তার জন্য গর্ব ও সম্মানের বিষয়। আমৃত্যু বিএনপির প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন ও গণহত্যার অভিযোগের নিন্দা জানান দুলু। তিনি বলেন, ওই সময়ে যারা এসবের শিকার হয়েছেন, তারাই একদিন এসব অপরাধের বিচার নিশ্চিত করবেন। খুনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার অপরাধের বিচার দেশের মাটিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ গঠনের নতুন প্রত্যয় নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন দুলু। মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দলের চলমান প্রচেষ্টায় নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
জ/উ