জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী তাদের দলের লোগো থেকে ‘আকিমুদদীন’ শব্দটি সরিয়ে দিয়েছে। তাঁর দাবি, এর ফলে লোগোতে ‘ইসলাম’ শব্দটিও আর নেই। এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা যায় না।
চরমোনাই পীর বলেন, ‘গত নির্বাচনের ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেনি। একই সময়ে জামায়াতের আমির জানিয়েছিলেন, তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সবকিছু মিলিয়ে জামায়াত আর ইসলামী দল নয়।’
জামায়াতের বিভিন্ন দাবিতে লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করা হলো? এমন দ্বিমুখী আচরণ কেন?’
বিএনপির প্রসঙ্গে রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে দলটি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তাঁর দাবি, সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না এবং সংসদে এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হবো।’
জ/উ