ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি নান্দনিক ফ্যাশন ও আকর্ষণীয় লুকের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার লাল জবা ফুলে সাজানো মায়াবী এক রূপে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা। পোস্ট করার পরপরই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। নতুন লুকে অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা।
ছবিগুলোতে পূজাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন আবহে। একটি ছবিতে তাকে একটি মনোরম ক্যাফেতে বসে সময় কাটাতে দেখা যায়। সামনে রাখা ছিল কফির মগ ও ফলের জুস। সাদা রঙের লেসের কাজ করা টপস, চোখে সানগ্লাস—সব মিলিয়ে তার ক্যাজুয়াল লুকটিও ছিল বেশ আকর্ষণীয়।
অন্য ছবিগুলোতে আরও নান্দনিকভাবে ধরা দিয়েছেন পূজা। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে পাথুরে পথের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। হাতে ও মুখের পাশে ছিল উজ্জ্বল লাল জবা ফুল। বিশেষ করে জবা ফুল দিয়ে মুখের একাংশ আড়াল করা ক্লোজআপ ছবিটি তার উপস্থিতিতে যোগ করেছে রহস্যময়তার ছোঁয়া।
হালকা সবুজ ও গোলাপি শেডের পোশাকের সঙ্গে লাল জবার বৈপরীত্য পূজার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। প্রকৃতির মাঝে তার স্নিগ্ধ উপস্থিতিও সহজেই নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে পূজা লিখেছেন, ‘কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই। জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।’
পূজার পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসা দেখা গেছে। কেউ তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, আবার কেউ প্রশংসা করেছেন ফ্যাশন ও নান্দনিক উপস্থাপনার। সব মিলিয়ে লাল জবা ফুলে পূজার এই নতুন লুক আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে।
এদিকে ছড়িয়ে পড়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর পূজার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে এমন খবর সরাসরি নাকচ করেছেন অভিনেত্রী।
পূজা জানিয়েছেন, তার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড। তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন তিনি। তবে সে সময় পাত্রের পরিচয় কিংবা বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি।
এবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা। তিনি জানিয়েছেন, এনগেজড হলেও এখনো বিয়ে করেননি। এমনকি বিয়ের তারিখও চূড়ান্ত হয়নি। তারিখ ঠিক হলে বিষয়টি নিজেই সবাইকে জানাবেন।
পূজার ভাষায়, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।’
জ/উ