ঢাকা শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৪১৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে ঢাকাকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করা সামাজিক ও নৈতিক দায়িত্ব।
‘৪১৬ বছরে ঢাকা’ ব্যানারে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকাকে নতুনভাবে তুলে ধরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান তিনি।
এ্যানি বলেন, সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় খালেদা জিয়াও দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। বিশেষ অতিথি ছিলেন চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখ।
জ/উ