ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত সরকার যখনই বাংলাদেশে ফেরত পাঠাবে, তখনই তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কী বলছে, এটা বিবেচ্য বিষয় নয়।’
তিনি জানান, ‘স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। ভারতের বিচার বিভাগও এটি দেখছে।’
মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিরক্ষামূলক এই সামরিক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। সংশ্লিষ্ট জোট বা গ্রুপ দেশের মানুষের স্বার্থে কতটা কার্যকর এবং এতে বাংলাদেশের কী ধরনের উপকার হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্তের সময় এলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জ/উ