ইতালির ভেনিস শহরে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় দেশটির পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে বাঁধনকে সব ধরনের কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যের শুরুতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে হুমায়ুন কবির বলেন, তাদের অসামান্য আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসা সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান তিনি।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আজমেরী হক বাঁধনের ওপর যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা, তা আসলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপরই হামলা। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে এবং সর্বোচ্চ উদ্বেগের কথা জানানো হয়েছে।’
তিনি জানান, ঘটনার বিষয়ে ইতালির পুলিশ ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাঁধনের জন্য সব ধরনের কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাঁধনের সঙ্গে ফোনে কথা বলে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার ন্যায়বিচারের নীতিতে বিশ্বাসী। এ ধরনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।’
এদিকে, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ লাভ করতে যাচ্ছে উল্লেখ করে এটিকে দেশের জন্য ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের গোলামি বা দাসত্ব করবে না। নিজস্ব স্বকীয়তা ও গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। সংসদ ও জনগণের সমর্থন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি শক্তিশালী মধ্যবর্তী প্রভাব বিস্তারকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
প্রসঙ্গত, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরে বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ওঠে। ওইদিন রাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে ঘটনার অভিযোগ জানান অভিনেত্রী। তার দাবি, হামলার সময় তাকে জোর করে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়।
জ/উ