উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। নতুন প্রকল্পটির মাধ্যমে দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, সরকার সৃজনশীল অর্থনীতি নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়েও সহায়তা করা হচ্ছে।
কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি জিডিপিতে অবদান রাখার বিষয়, চ্যারিটি নয়। গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদেরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তারাও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
তিনি আরও বলেন, সরকার সৃজনশীল খাতকে মনিটাইজ করতে চায়। এ ক্ষেত্রে সৃজনশীল কাজের মূল্য সংযোজন করে সেগুলোকে বাজারযোগ্য করা এবং সংশ্লিষ্টদের অর্থনীতির মূলধারায় নিয়ে আসাই লক্ষ্য। সরকার ক্রিয়েটিভ ইকোনমিতে আরও মনোযোগ দিতে ও সহযোগিতা করতে চায়। এটি বাস্তবায়ন করা গেলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।
কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল কমানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটির এনপিএল ৪ শতাংশ থেকে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। কর্মসংস্থান ব্যাংক ভালো করছে এবং প্রতিষ্ঠানটি মুনাফাও করছে।
জ/উ