রাষ্ট্র ফ্যাসিবাদী বা ভঙ্গুর হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থাও জরুরি। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন একই সঙ্গে দুটি লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে-একদিকে আস্থা ও স্থিতিশীলতা ধরে রাখা, অন্যদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা।
তিনি বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। বরং জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি প্রয়োজন। আওয়ামী লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উলম্ফন ঘটাতে হবে। এ জন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে যেসব অনাহূত সংকট তৈরি হচ্ছে, সেগুলো সবাইকে একসঙ্গে মোকাবিলা করে দূর করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্র ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই চালিয়ে যেতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে সংগঠিত হতে হবে। শুধু লড়াই করলেই হবে না, একই সঙ্গে রাষ্ট্রকে গড়েও তুলতে হবে।
তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ফেইল্ড স্টেটে পরিণত হলে জুলাইয়ের ছাত্র-জনতাই পরাস্ত হবে।
জ/উ