জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-04T15:42:12+06:00
2026-09-04T15:43:55+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আবাসিক হোটেলে আগুন, ছাদে উঠে প্রাণ বাঁচল ১৭ জনের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৩:৪৩ পিএম
শরীয়তপুর শহরে একটি আবাসিক হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুন লেগে ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি পুড়ে গেছে। আগুনের তীব্রতায় হোটেলে থাকা ১৭ জন নিচে নামতে না পেরে জীবন বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শরীয়তপুর শহরের ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দেড়টার দিকে হোটেল ভবনের নিচতলার পার্কিং এলাকায় থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের মতো শব্দ হয়। পরে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পার্কিং এলাকায় থাকা অন্যান্য যানবাহনের মধ্যে ছড়িয়ে পড়ে। 

আগুনের তীব্রতা বাড়তে থাকায় হোটেলের ভেতরে থাকা ১৭ জন নিচে নামার সুযোগ পাননি। তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে পার্কিং এলাকায় থাকা ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ভবনের অন্য অংশে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডে মোট আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হোটেলের ম্যানেজার মাহবুব হাসান বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাঁরা নিশ্চিতভাবে বলতে পারছেন না। আগুনে একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে। ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে তাঁরা কয়েকজন ওপরের দিকে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে তাঁরা নিরাপদে বের হয়ে আসেন।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভবনের পার্কিং এলাকায় থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পালং মডেল থানার উপপরিদর্শক সুধাংশু সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। 


জ/রা




  বিষয়:   শরীয়তপুর  আবাসিক হোটেল  আগুন  ফায়ার সার্ভিস  উদ্ধার 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]