জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T21:27:52+06:00
2026-09-03T21:27:52+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
অপরিচ্ছন্ন শৌচাগার দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী, বললেন ‘আমি নিজেই পরিষ্কার করব’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এমনকি প্রয়োজন হলে নিজেই শৌচাগার পরিষ্কার করার কথা বলেছেন তিনি। পরিদর্শনের সময় শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্টসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এ সময় হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্ন অবস্থা দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ করে নিজেই তা পরিষ্কার করার কথা বলেন তিনি। আমিন উর রশিদ ইয়াছিন ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।’

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’

ভিডিওতে কৃষিমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’

একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’

শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতাই নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান বলেন, ‘গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামত করার জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]