জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T21:03:12+06:00
2026-09-01T21:03:12+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
হাসিনা আমলে গুম-নিপীড়নের অভিযোগ, আইপিইউ মহাসচিবকে জানালেন এমপিরা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম 
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও ভয়ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর দাবি, বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষদের ওপর নিপীড়ন, নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের মৌলিক বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

শেখ হাসিনার শাসনামলের অমানবিকতার বর্ণনা দিতে গিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশের মানুষ আর কখনো এ ধরনের বিভীষিকাময় গুম ও নিপীড়নের শিকার হয়নি।

স্পিকার বলেন, শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালা এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইনের অপপ্রয়োগের মাধ্যমে ভয়াবহ রাষ্ট্রীয় নিপীড়নের পরিবেশ তৈরি করা হয়েছিল।

অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমনের দীর্ঘদিনের গুমের ঘটনা তুলে ধরেন। একই অনুষ্ঠানে ‘নিপীড়ন থেকে বিপ্লব : রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক ডকুমেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকদের ওপর বিগত শাসনব্যবস্থার দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক গুম ও দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ‘আয়নাঘরে’ বন্দিজীবনের অভিজ্ঞতা এবং সেখানে গুম ও নিপীড়নের কথা তুলে ধরেন। আরেক সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী জানান, তাঁকে দীর্ঘ সাত মাস সামরিক গোয়েন্দা সংস্থার একটি গোপন বন্দিশালায় আটকে রেখে চরম অমানবিক ও পদ্ধতিগত নির্যাতন চালানো হয়েছিল।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তাঁর স্বামী ইলিয়াস আলীকে গুম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ‘গুম’ শব্দটি নতুন করে পরিচিতি পায়। তৎকালীন সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার উদ্দেশ্যেই ইলিয়াস আলীকে গুম করেছিল বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে বিচারবহির্ভূত এসব গুম ও হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত সংসদ সদস্যরা নিজ নিজ বক্তব্যে তৎকালীন সরকারের কথিত মাফিয়াতন্ত্র ও ভয়ভীতির সংস্কৃতির অভিজ্ঞতা তুলে ধরেন।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের এসব ঘটনা নিয়ে বলেন, হত্যাকাণ্ড, গুম এবং বিরোধী মতাদর্শের অনুসারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলো অত্যন্ত অমানবিক ও জঘন্য। তিনি তাঁর জন্মভূমি রোমানিয়ায় নিকোলাই চসেস্কুর দমননীতির সঙ্গে বাংলাদেশের তৎকালীন সরকারপ্রধানের শাসনামলের উল্লেখযোগ্য মিল রয়েছে বলেও মন্তব্য করেন।

সফর শেষে বাংলাদেশে বিগত শাসনামলে সংঘটিত গুম, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আইপিইউর গভর্নিং বডির কাছে দাখিল করবেন বলেও জানান অ্যান্ডা ফিলিপ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, জহরত আদিব চৌধুরী, মোছা. তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম আরমান, মোহাম্মদ নাজিবুর রহমান, আনিসুর রহমান, সানজিদা ইসলাম, মাধবী মারমা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনিও উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]