তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-01T19:47:06+06:00
2026-09-01T19:47:06+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
রোবট দিয়ে পিজ্জা বানানোর স্বপ্নে বারবার ধাক্কা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম 
কম সময়ে বেশি পিজ্জা তৈরি এবং শ্রম ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে কয়েক বছর ধরে রোবট ব্যবহারের চেষ্টা চলছে। কিন্তু বাস্তবে রোবট দিয়ে পিজ্জা তৈরির ব্যবসা এখনো প্রত্যাশিত সাফল্য পায়নি। বরং এ খাতে একের পর এক ব্যর্থতার ঘটনাই সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের সিয়াটেলের মটো পিজ্জা রেস্তোরাঁর অভিজ্ঞতাও তেমনই। সেখানে পিজ্জা তৈরির কাজে দুটি রোবট ব্যবহার করা হতো। কিন্তু রোবট সরবরাহকারী প্রতিষ্ঠান ‘পিকনিক’ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্র দুটি কার্যত অচল হয়ে পড়ে।

মটো পিজ্জার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লি কিনডেল জানান, রোবট দুটির পেছনে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার খরচ হয়েছিল। সরবরাহকারী প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর রোবটগুলোর কারিগরি সহায়তাও বন্ধ হয়ে যায়। ফলে বড় অঙ্কের অর্থ ব্যয় করে কেনা যন্ত্রগুলো কীভাবে সচল রাখা যাবে, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।

এ অভিজ্ঞতার পর ভবিষ্যতে কোনো রোবট নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আবার অংশীদারত্ব করবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কিনডেল।

রোবট দিয়ে পিজ্জা তৈরির ক্ষেত্রে পিকনিকই একমাত্র ব্যর্থ প্রতিষ্ঠান নয়। জুমে, পাজ্জি ও বাসিল স্ট্রিটও এই খাতে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের কেউ রোবট দিয়ে পিজ্জা তৈরির প্রযুক্তি তৈরি করেছে, আবার কেউ স্বয়ংক্রিয় পিজ্জা বিক্রির যন্ত্র নিয়ে এসেছে। শেষ পর্যন্ত এসব উদ্যোগের অনেকগুলোই বন্ধ হয়ে যায়।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ধারণা ছিল, ফাস্ট ফুডের মতো খাবার তৈরির কাজ রোবটের জন্য তুলনামূলক সহজ হবে। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, বিষয়টি এতটা সরল নয়।

ব্যাংক অব আমেরিকার জ্যেষ্ঠ রেস্তোরাঁ বিশ্লেষক সারা সেনাতো বলেন, রোবট দিয়ে খাবার তৈরির ক্ষেত্রে এখনো প্রত্যাশিত সাফল্যের উদাহরণ খুব বেশি নেই। তাঁর মতে, খাবার তৈরির সময় রোবট কখনো কখনো উপকরণ নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে দিতে পারে না। বিপরীতে একজন মানুষ দক্ষতার সঙ্গে পিজ্জা তৈরি করতে পারেন।

তবে এত ব্যর্থতার পরও রোবট দিয়ে পিজ্জা তৈরির ধারণা থেকে সরে দাঁড়াননি লি কিনডেল। বরং এবার নিজেই নতুন ধরনের পিজ্জা তৈরির রোবট তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।

কিনডেল জানান, তাঁর তৈরি যন্ত্রটি ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রের আদলে কাজ করবে এবং এতে চৌকো আকৃতির পিজ্জা তৈরি হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের গ্রীষ্মের মধ্যে যন্ত্রটি চালু করার লক্ষ্য রয়েছে তাঁর।

রোবট তৈরিতে আগে কোনো অভিজ্ঞতা না থাকলেও কেন এমন উদ্যোগ নিচ্ছেন—এ বিষয়ে কিনডেলের যুক্তি, আগের ব্যর্থ প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা রেখে গেছে। সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে রোবট দিয়ে পিজ্জা তৈরির প্রযুক্তিকে সফল করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

রোবট ব্যবহারের ফলে মানুষের কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে কিনডেলের মতে, রোবট মানুষের কাজ পুরোপুরি কেড়ে নেবে না। এর উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটেল মেরিনার্স বেসবল দলের মাঠ টি-মোবাইল পার্কের কথা উল্লেখ করেন। সেখানে আগে পিজ্জা তৈরির কাজে প্রায় ১০ জন কর্মীর প্রয়োজন হতো। পিকনিকের রোবট ব্যবহারের পর সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র দুজনে।

তবে বাকি আটজন কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়নি বলে জানান কিনডেল। তাদের অন্য দায়িত্বে যুক্ত করা হয়। তারা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং পিজ্জা বিক্রির প্রচারের কাজে অংশ নেন।

রোবট ব্যবহারের আরেকটি বড় সুবিধা হিসেবে দ্রুত উৎপাদনের বিষয়টি সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাটসের জন্য একটি স্বয়ংক্রিয় পিজ্জা তৈরির যন্ত্র স্থাপন করেছে কানাডার প্রতিষ্ঠান অ্যাপেট্রনিক্স।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিপুন শর্মা জানান, ভবিষ্যতে তাদের যন্ত্র দিয়ে প্রতি মিনিটে একটি করে পিজ্জা তৈরির সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে।

সে লক্ষ্য পূরণে পিজ্জা তৈরির প্রতিটি ধাপ আরও দ্রুত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে পিজ্জার রুটিতে সস দিতে প্রায় ৯ দশমিক ৫ সেকেন্ড সময় লাগে। এই সময় কমিয়ে মাত্র দেড় সেকেন্ডে নিয়ে আসার প্রযুক্তি তৈরির চেষ্টা চলছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]