অন্যের অজান্তে ভিডিও ধারণ করে ‘প্রাঙ্ক’ বা বিনোদনের নামে ইনস্টাগ্রামে প্রকাশ করলে কঠোর ব্যবস্থা নেবে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা হয়রানিমূলক ভিডিও পোস্ট করলে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানান, কারও সম্মতি ছাড়া তার প্রতিক্রিয়া ধারণ বা তাকে বিব্রত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য হবে না। ‘পিকআপ লাইন’সহ এ ধরনের সম্মতিহীন ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি কিছু কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা ও অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে পথচারী, সেবাকর্মী এবং সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে গোপনীয়তা লঙ্ঘনের উদ্বেগ বাড়ার পাশাপাশি মেটার প্রযুক্তিপণ্যের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, নারীদের অনুমতি ছাড়া নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, স্মার্ট চশমা ব্যবহার করে হয়রানিমূলক ভিডিও প্রকাশের কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া স্মার্ট চশমার অপব্যবহার ঠেকাতে নতুন সফটওয়্যার আপডেটও চালু করেছে মেটা। নতুন ব্যবস্থায় ভিডিও ধারণের সময় কেউ ক্যামেরার এলইডি নির্দেশক আলো বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা করলে ডিভাইসটির ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রতিষ্ঠানটির মতে, এসব উদ্যোগের লক্ষ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করা।
জ/উ