তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-08-01T11:17:40+06:00
2026-08-01T11:17:40+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রযুক্তি
ব্রিটেনের গুদামে বাড়ছে চীনা রোবটের ব্যবহার
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম 
অনলাইনে পণ্য অর্ডারের পর দ্রুত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাজ্যের শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো গুদাম ব্যবস্থাপনায় চীনের তৈরি স্বয়ংক্রিয় রোবটের ব্যবহার বাড়াচ্ছে। প্রযুক্তিনির্ভর এ পরিবর্তন দেশটির খুচরা বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে।

চীনের পূর্বাঞ্চলীয় শহর হেফেইভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গিক প্লাস এসব স্বয়ংক্রিয় মোবাইল রোবট তৈরি করছে। কারখানায় উৎপাদন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশ্বের বিভিন্ন দেশের গুদামে রোবটগুলো সরবরাহ করা হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের টেসকো, অ্যাসডা ও নেক্সটসহ একাধিক বড় খুচরা বিক্রেতা তাদের গুদাম পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহার করছে।

রূপালি রঙের ছোট আকারের এসব রোবট গুদামের মেঝেতে চলাচল করে স্টোরেজ র্যাকের নিচে গিয়ে পুরো তাকটি তুলে নির্দিষ্ট কর্মীর কাছে পৌঁছে দেয়। ফলে কর্মীদের দীর্ঘ পথ হেঁটে পণ্য সংগ্রহ করতে হয় না। এতে অর্ডার প্রস্তুতের সময় কমে, কাজের গতি বাড়ে এবং পণ্য বাছাইয়ে ভুলের পরিমাণও হ্রাস পায়।

গিক প্লাসের দাবি, প্রচলিত স্বয়ংক্রিয় গুদাম ব্যবস্থার মতো ব্যয়বহুল কনভেয়ার বেল্ট বা জটিল অবকাঠামোর প্রয়োজন হয় না। মেঝেতে বসানো কিউআর কোড ও নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই রোবটগুলো পরিচালনা করা যায়, ফলে কম খরচে দ্রুত প্রযুক্তিটি চালু করা সম্ভব।


২০২৫ সালে হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া গিক প্লাস বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় মোবাইল রোবট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত 'নিউ কোয়ালিটি প্রোডাকটিভ ফোর্সেস' কৌশলের অন্যতম অগ্রাধিকার এখন রোবটিকস শিল্প। কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ায় উৎপাদনশীলতা ধরে রাখা এবং শিল্পে প্রতিযোগিতা বাড়াতে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে জোর দিচ্ছে বেইজিং।

ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক কাইল চ্যানের মতে, চীনের রোবট শিল্পের অগ্রগতি বৈদ্যুতিক গাড়ি (ইভি) শিল্পের সাফল্যের ধারাবাহিকতা। ইভি খাতে ব্যবহৃত ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, সেন্সর, ক্যামেরা ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিই এখন রোবট তৈরিতে ব্যবহৃত হচ্ছে।

এদিকে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এক্সপেং গত বছর তাদের মানবসদৃশ রোবট 'আয়রন' উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হে শিয়াওপেং বলেন, ভবিষ্যতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো শুধু গাড়ি নয়, রোবট প্রযুক্তিতেও সমান গুরুত্ব দেবে।


তবে বৈশ্বিক রোবট বাজারে নেতৃত্বের পথে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে চীন। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র বিদেশে তৈরি উন্নত রোবট আমদানিতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এর জবাবে ওয়াশিংটনে চীনা দূতাবাস জানিয়েছে, বেইজিং বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং ভিত্তিহীন নিষেধাজ্ঞার বিরোধী।

গিক প্লাসের যোগাযোগ বিভাগের প্রধান ইয়ানইউ লিউ জানান, ভবিষ্যতে শুধু পণ্য পরিবহন নয়, সংগ্রহ, স্থানান্তর ও প্যাকেজিংসহ পুরো গুদাম ব্যবস্থাকেই স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শ্রমিক সংকট ও উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তার কারণে যুক্তরাজ্যে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে দেশটির গুদামগুলো চীনের নতুন প্রজন্মের রোবট প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে, যা বৈশ্বিক রোবট রপ্তানিতে চীনের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

জ/উ






Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]