চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি এবার আন্তর্জাতিক বাজারে কার্যক্রম বিস্তারের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত প্ল্যাটফর্মটি নতুন করে আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনাও নিয়েছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে বিলিবিলি অ্যাপ ব্যবহারের কিছু বাধ্যবাধকতা তুলে দিয়েছে। আগে চীনের বাইরে থেকে নিবন্ধনের সময় পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় যাচাই করতে হতো। নতুন সংস্করণে এ ধরনের পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা তুলনামূলক সহজে প্ল্যাটফর্মটিতে নিবন্ধন করতে পারবেন।
বিলিবিলি জানিয়েছে, আন্তর্জাতিক সংস্করণে চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ভিডিওও একই প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে। এর ফলে চীনা জনপ্রিয় কনটেন্টের সঙ্গে আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের তৈরি কনটেন্টও বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে।
আন্তর্জাতিক বাজারে কার্যক্রম আরও সহজ করতে ইংরেজি ভাষার একটি ওয়েবসাইট তৈরির কাজও করছে বিলিবিলি। এর মাধ্যমে বিদেশি ভিডিও নির্মাতারা সহজে নিজেদের কনটেন্ট প্রকাশ করতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক নির্মাতাদের আকৃষ্ট করতে প্রচার কার্যক্রমও চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে প্রতিষ্ঠানটির কর্মী নিয়োগের তথ্য পাওয়া গেছে। এসব কর্মী স্থানীয় ব্যবহারকারী ও ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকবেন।
বিলিবিলির আন্তর্জাতিক সম্প্রসারণের লক্ষ্য শুধু দর্শকসংখ্যা বাড়ানো নয়; ভিডিও নির্মাতাদের জন্য নতুন বাজার তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নির্মাতা ও বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের সুযোগ তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি।
চীনে দীর্ঘদিন ধরেই অ্যানিমেশন, গেমিং ও বিনোদনমূলক ভিডিওর জন্য জনপ্রিয় বিলিবিলি। এবার সেই বড় দর্শকভিত্তি দেশের বাইরেও গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে আন্তর্জাতিক বাজারে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা বিলিবিলির জন্য সহজ হবে না। বিশেষ করে জনপ্রিয় ও মানসম্পন্ন ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আকৃষ্ট করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ, দর্শক ও নির্মাতা-উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো ভিডিও প্ল্যাটফর্মের পক্ষে দীর্ঘমেয়াদে বড় বাজার তৈরি করা কঠিন।
এদিকে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে তথ্য সুরক্ষা ও সরকারি নজরদারি নিয়েও প্রশ্নের মুখে পড়তে পারে বিলিবিলি। চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে তথ্য সুরক্ষাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আইনি চাপের মুখে রয়েছে। বিলিবিলি পশ্চিমা বাজারে বড় ব্যবহারকারীভিত্তি তৈরি করতে পারলে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত বা নির্দিষ্ট অভিযোগের তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে বিলিবিলির আন্তর্জাতিক সংস্করণের অ্যাপ চালু ও বিশ্বজুড়ে নির্মাতাদের যুক্ত করার উদ্যোগকে বড় ধরনের বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইউটিউবের দীর্ঘদিনের আধিপত্যের বাজারে চীনা এই ভিডিও প্ল্যাটফর্মটি কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
জ/উ