পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সংস্থাটি জানায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী এ আয়োজনের প্রতিদিনই থাকবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল এবং হামদ-নাত অন্যতম।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনার বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
তরুণ প্রজন্মকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল ও ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হবে। এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত করবেন। এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের এ জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জ/উ