নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও যোগাযোগ শাখা বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তামিম সুফিয়ানীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তামিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘এ মতাবস্থায়, বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তামিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ তারিখ থেকে বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ বা দায়িত্ব ব্যবহার করে কোনো ধরনের প্রতিনিধিত্ব কিংবা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জ/উ