মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ বিজিবি, ৫৫ বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
বিজিবি জানায়, রেলস্টেশন চত্বরে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।