রাজস্ব নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। তবে প্রয়োজনীয় খাতে ব্যয় করার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হবে না। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, অতীতে ফিরে যাওয়া নয়। এ কারণে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে।’
সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জ/উ