জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর ছেড়ে না দিয়ে তরুণদের এর পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করার সুযোগ নেই। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে অন্যজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের ক্ষেত্রেও একটি গ্রহণ করে অন্যটি অস্বীকার করা যায় না।
বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মানার কথা বলছেন। তবে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।
সরকারের বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঠিকাদারি, টেন্ডার ও অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে।
এ সময় খুলনা বিভাগে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও করেন মিয়া গোলাম পরওয়ার।
মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিব হাসানসহ অন্যরা।
জ/উ