ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনটি উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
নতুন ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে।
ভবনের ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রাখা হয়েছে। এ ছাড়া নতুন ভবনে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন।
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনটি উদ্বোধন করলেন।
জ/উ