লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-15T09:07:43+06:00
2026-08-15T09:07:43+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
চার পরিবারকে সমাজচ্যুতের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:০৭ এএম 
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণার ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল বলেন, ভবিষ্যতেও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে নিয়ে সাংগঠনিক ও রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলমগীর হোসেনকে তাঁর সাংগঠনিক পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নাম, পরিচয় বা পদ ব্যবহার করে কোনো ধরনের সাংগঠনিক, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ড পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মমিন আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে কয়েক দফা সালিশি বৈঠকও হয়। তবে সালিশের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় মমিন আলী তাঁর প্রতিপক্ষ আলমগীর হোসেনকে আসামি করে আদালতে মামলা করেন।

মামলাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশের সিদ্ধান্তে চলতি মাসের ১০ আগস্ট এলাকায় মাইকিং করে মামলার বাদী মমিন আলীসহ চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়। পরে সমাজচ্যুত করার ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাতে ঘোষিত চার পরিবারের মধ্যে মমিন আলীর বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনাটি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]