অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অন্যতম ভিত্তি হিসেবে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন তিনি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে ভারতের রাষ্ট্রপতির দেওয়া শুভেচ্ছাবার্তা পড়ে শোনান ভারতীয় হাইকমিশনার। পরে যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশে বসবাসরত ভারতের নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
জ/উ