হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লং আইল্যান্ডে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে তিনি এ ঘোষণা দেন বলে নিউইয়র্ক পোস্টের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ইরান চলমান যুদ্ধে ব্যাপকভাবে পরাজিত হচ্ছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ শিগগিরই যুক্তরাষ্ট্রের হাতে আসবে।
মার্কিন নৌ-অবরোধকে ‘ইস্পাতের প্রাচীর’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে।
তবে ট্রাম্পের এসব দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান ও পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের মৌখিক দাবি বাস্তব পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনতে পারেনি।
বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত এই সমুদ্রপথ অবরুদ্ধই থাকবে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে। দুই দেশের সংঘাতের আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার কথা বিবেচনা করে বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প ও তুলনামূলক নিরাপদ পথে চলাচল করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কূটনৈতিক সংযমের আহ্বান জানানো হচ্ছে। সূত্র: এএনআই
জ/উ