চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পরে দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জ/শা