আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মনোনয়ন পাওয়ার পর জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অলি আহমদ বলেন, আমি ১১ দলের সকলের প্রতি কৃতজ্ঞ, দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরীক্ষিত লোক। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, শিক্ষাগত যোগ্যতা নিয়েও কোনো অভিযোগ নেই। সুন্দরভাবে জীবনযাপন করেছি বিধায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে।
তিনি বলেন, আমি বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না। আমরা হারব বা জিতব, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আমরা সব সময় জনগণের পাশে থাকব এবং তাদের স্বার্থ রক্ষায় দাঁড়াব। সেই মানসিকতা নিয়েই আজ সবাই একসঙ্গে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে তারা আমার নাম প্রস্তাব করেছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে একজন সংসদ সদস্যের প্রস্তাব ও আরেকজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।