যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সদর দপ্তরসহ বাহিনীর সব রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়ে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান রূপান্তরের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি জনগণের প্রতি দায়বদ্ধতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাকে বাহিনীর সদস্যদের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাহিনীর প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যে পরিবর্তন এসেছে, তা ধরে রেখে আনসার-ভিডিপিকে আধুনিক, জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
দিবসটি উপলক্ষে সারা দেশের কার্যালয়গুলোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন প্রতিযোগিতা, রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ জোহর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সদর দপ্তরের অনুষ্ঠানে নতুন বাংলাদেশের রূপান্তর নিয়ে নির্মিত আটটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
জ/উ