ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়। পরে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের নাক্কাটি বাজার এলাকার টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রিপন কয়েকজন বন্ধুর সঙ্গে নাক্কাটি বাজার এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে ব্যর্থ হন। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে রিপনের সন্ধান পাননি।
পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। একপর্যায়ে তারা নদী থেকে রিপনের মরদেহ উদ্ধার করেন। ডুবুরি দলের সদস্যরা হলেন, খাদেমুল ইসলাম, আলমগীর হোসেন ও আলমগীর আকন্দ। রিপনের মরদেহ উদ্ধারের পর তার পরিবারে শোকের মাতম নেমে আসে। এলাকাজুড়েও নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।