জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-07-30T18:44:46+06:00
2026-07-30T18:44:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মাথায় আঘাত ও শরীরে ৩৬টি স্প্লিন্টারের চিহ্ন বহনকারী শেখ আজিজুর রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

সাক্ষাৎকালে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর রক্তক্ষরণ ঠেকাতে জাতীয় পতাকা বেঁধে রাখা সেই ঐতিহাসিক রক্তমাখা পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন আজিজুর রহমান। দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান তিনি।

উপ-প্রেস সচিব জানান, সম্প্রতি গণমাধ্যমে ‘গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজিজুরের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।


সাক্ষাতে প্রধানমন্ত্রী আজিজুরের আহত হওয়ার ঘটনা, পড়াশোনা, সিএনজি চালিয়ে জীবিকা ও শিক্ষার ব্যয় নির্বাহ এবং বর্তমান চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তার সংগ্রাম ও আত্মত্যাগের কথা শুনে গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে রক্তমাখা পতাকা তুলে দিয়ে আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে নিজের কথা বলতে পেরে তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। বহুদিনের ইচ্ছা ছিল এই পতাকাটি তাঁর হাতে তুলে দেওয়ার, যা আজ বাস্তবায়িত হয়েছে।

সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ আজিজুর রহমান কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ নম্বর ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন আজিজুর। আন্দোলনের একপর্যায়ে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর রক্তক্ষরণ বন্ধ করতে জাতীয় পতাকা মাথায় বেঁধে নেন, যা রক্তে রঞ্জিত হয়। পরে ১৯ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দুই দিনের রিমান্ড শেষে ২১ জুলাই মুক্তি দেওয়া হয়।

এছাড়া রাজনৈতিক পরিচয়ের কারণে টানা দুই বছর ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি পাননি বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়। সংসার ও পড়াশোনার খরচ চালাতে তাকে সিএনজি চালাতে হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]