অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-07-30T17:30:40+06:00
2026-07-30T17:30:40+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অর্থনীতি
বৈদেশিক ঋণের তথ্য মাসে মাসে দেবে ব্যাংক, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম 
বেসরকারি খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের তথ্য সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ত্রৈমাসিকের পরিবর্তে প্রতি মাসে এসব ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

বৈদেশিক ঋণের প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ঋণ পরিশোধ সক্ষমতা মূল্যায়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০১৪ ও ২০২৩ সালে জারি করা নীতিমালা অনুসারে এতদিন ব্যাংকগুলো ত্রৈমাসিক ভিত্তিতে বেসরকারি খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের তথ্য সংকলন করে ই-রিটার্নস পোর্টালে জমা দিত। একই সঙ্গে ইডি-১ ও ইডি-২ ফরমের হার্ডকপি এবং ঋণচুক্তির প্রয়োজনীয় কাগজপত্রও প্রতি ত্রৈমাসিক শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হতো।


নতুন নিয়ম অনুযায়ী, চলতি জুলাই মাস থেকে এসব তথ্য মাসিক ভিত্তিতে জমা দিতে হবে। প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে নির্ধারিত পাঁচটি আরআইটি ফরম পূরণ করে ই-রিটার্নস পোর্টালে আপলোড করতে হবে। একই সময়ের মধ্যে ইডি-১ ও ইডি-২ ফরমের হার্ডকপি এবং ঋণচুক্তি-সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক ঋণের হালনাগাদ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ, ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই, কার্যকর অর্থনৈতিক নীতি প্রণয়ন এবং ব্যালেন্স অব পেমেন্টস ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন-সংক্রান্ত পরিসংখ্যান আরও নির্ভুলভাবে তৈরির জন্য এ পরিবর্তন আনা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, আগের নির্দেশনার অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জ/উ






Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]