চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৪৮৪ কোটি ৩০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৪০ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে দেশে মোট ৮৪৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ২০ লাখ ডলার।
অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।
জ/উ