দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের ফলে বাংলাকিউআরভিত্তিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ৯০ দিনে এ ব্যবস্থায় লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং অর্থমূল্য প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাংলাকিউআর কোডের মাধ্যমে পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেনও চালু হচ্ছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) গ্রাহকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে সারা দেশে প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলাকিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে দৈনিক গড়ে ১ লাখ বাংলাকিউআর পেমেন্ট সম্পন্ন হতো। এসব লেনদেনের গড় অর্থমূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাকিউআর পেমেন্ট হচ্ছে, যার অর্থমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।
দেশীয় বাংলাকিউআরের মাধ্যমে লেনদেন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গত ১ জুলাই থেকে সব ধরনের প্রোপ্রাইটারি কিউআরের পরিবর্তে বাংলাকিউআর ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাংলাকিউআর লেনদেনের পারফরম্যান্স, প্রচার ও মূল্য নির্ধারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, আগামী ১ অক্টোবর থেকে বাংলাকিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণে মার্চেন্টদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে জমা দেওয়ার ব্যবস্থা চালু হবে। একই সময় থেকে বাংলাকিউআর পেমেন্টে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে। এর ফলে বাজার পর্যায়ে বাংলাকিউআর পেমেন্টের খরচ কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে বাংলাকিউআরের মাধ্যমে গড় লেনদেনের পরিমাণ বেড়ে ৪ হাজার ১০১ টাকায় দাঁড়িয়েছে। জুনে এ পরিমাণ ছিল ২ হাজার ৮০০ টাকা।
সংবাদ সম্মেলনে আরিফ হোসাইন খান জানান, আগামী ১ নভেম্বর থেকে বাংলাকিউআর কোডভিত্তিক পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলাকিউআর স্ক্যান করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে কিউআরের ছবি আপলোড করে অর্থ স্থানান্তর করতে পারবেন।
এছাড়া গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলাকিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গত ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
জ/উ