জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনের আয়োজন সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। জাতীয় বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ ধরনের সেশন কার্যকর ভূমিকা রাখে।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক–২০২৬ এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি এমপি।
স্পিকার বলেন, সংসদ সদস্যদের তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংসদ সদস্যদের সংসদ লাইব্রেরি ব্যবহার করে আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে আরও গভীর ধারণা অর্জনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাজেট নিয়ে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগ জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। জনগণ সংসদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে সংসদ নিয়ে জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। বর্তমান সংসদকে তিনি একটি ব্যতিক্রমী সংসদ হিসেবে উল্লেখ করেন এবং তথ্যভিত্তিক সংসদীয় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সরকার একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করেছে। বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, হুইপবৃন্দ এবং সংসদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জ/উ