কিশোরগঞ্জের নিকলীতে বর্ষার পানি নামতে না নামতেই প্রতি বছরের মতো এবারও ফসলি জমি কাটার চলছে মহোৎসব। অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবাধে আবাদি জমির বুক চিরে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামতেই কুর্শা হাওরের ফসলি জমির বুক চিরে ভেকু দিয়ে মাটি কাটার তাণ্ডব শুরু হয়, যা চলে সারা রাত ধরে। ঘটনাস্থলের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১৫-২০টি ট্রাক্টর এসব মাটি রাতের আঁধারে পরিবহন করে নিয়ে যাচ্ছে উপজেলা সদর ইউনিয়নের কুর্শা স্থানীয় একাধিক ইটভাটায়।
মাটি কাটার সঙ্গে জড়িত শ্রমিকদের কাছে জানতে চাওয়া হয়- এসব মাটি কোন ভাটায় যাচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনিক কোনো অনুমতি আছে কি না? জবাবে কয়েকজন শ্রমিক বলেন, জহিরুল ইসলামের এমকেবি ইটভাটায় নিচ্ছেন মাটি। অনুমতির বিষয়ে আমরা কিছু জানি না। আমরা কাজ করে খাই। এমনটাই জানান তারা।
স্থানীয়রা জানান, রাতভর মাটিবাহী ট্রাক্টরের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে। ধুলাবালিতে রাস্তার পাশের বাড়িঘর ও গাছের সবুজ পাতা বিবর্ণ হয়ে যায় এমনকি সামান্য বৃষ্টিতে রাস্তার বেহাল দশা সৃষ্টি হয় চলালে ঘটে বিভিন্ন সময় দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেকজন বলেন, তাদের অনেক ক্ষমতা। তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। এ কারণেই প্রকাশ্যে তারা অবাধে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে নির্বিচারে উর্বর টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে নেওয়ায় জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করলে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আরার সঙ্গে কথা বললে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ বলেন, জমির টপসয়েল কেটে ফেললে তা ফসল আবাদের অনুপযোগী হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে ফসল আবাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে।
জ/বা