নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের আলোচনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনসহ মহাসড়ক স্থায়ীভাবে অবরোধের হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় আধঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য নানা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এ কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক স্থায়ীভাবে অবরোধের কর্মসূচিও পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। একই সঙ্গে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
এদিকে, শিক্ষার্থীদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।
জ/দি