পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নারী ও তরুণীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোণা সদর উপজেলার ছোট কাইলাটি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার রোখসানা রুমি, সাংস্কৃতিক কর্মী আরিফ মিয়া ও সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম।
বক্তারা বলেন, পাখি প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নির্বিচারে পাখি হত্যা, শিকার ও বিক্রির কারণে বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে পড়ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পাখির প্রতি সহানুভূতিশীল আচরণ এবং তাদের নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এবিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা রাখবে আহবান জানান বক্তারা। এ সময় ছোট কাইলাটি গ্রামের শতাধিক সচেতন নারী ও তরুণী মানববন্ধনে অংশ নেন। তারা পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।