আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে টানা তিন দিন এ সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের পাশাপাশি নতুন করে নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
আখতার আহমেদ জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর-এই তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জ/দি