উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। এদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার এমন চিত্র দেখা যায়। কোথাও কোথাও সামনের দৃশ্যও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। রাতভর বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরায় ভোরে সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কর্মস্থলে যাওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে আবার গরম অনুভূত হয়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, এরও আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
জ/দি