স্বচ্ছ নীলাভ পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে নানা ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। কালো সুইমস্যুটে তার এমন ভিন্নধর্মী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু। ছবিতে দেখা যায়, কালো সুইমস্যুট পরে সুইমিংপুলে নেমেছেন অভিনেত্রী। বেশির ভাগ ছবিতেই পানির সঙ্গে চোখ ও মুখের অভিব্যক্তির সমন্বয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন অপু-‘আমার আমি’।
অভিনেত্রীকে এমন ভিন্ন আবহে দেখে কিছুটা অবাক হয়েছেন তার ভক্তরাও। পোস্ট প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে এতে প্রতিক্রিয়ার সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। মন্তব্য জমা পড়ে ছয় শতাধিক।
অপুর সুইমিংপুলের ছবিগুলো ঘিরে অনুসারীদের নানা মন্তব্যও দেখা গেছে। একজন লিখেছেন, ‘শীত লাগে না? আপনার সুইমিং করা দেখে আমার শীত লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অপু তুমি আমার পছন্দের নায়িকা। ঢালিউড কুইন।’ এ ছাড়া অনেকেই অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তবে বরাবরের মতো এবারও অনুসারীদের মন্তব্যের কোনো জবাব দেননি অপু।
দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রীকে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে বেশি দেখা যায়। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি ছেলে আব্রাম খান জয়কে ঘিরে রয়েছে পারিবারিক ব্যস্ততা। এসব ব্যস্ততার ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমই এখন ভক্তদের সঙ্গে অপুর যোগাযোগের অন্যতম মাধ্যম।
কিছুদিন আগে নেপালে গিয়ে ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিং করেছেন অপু। তবে সিনেমাটির নায়ক গ্রেপ্তার হওয়ায় কাজটি জটিলতায় পড়েছে। ফলে সিনেমাটির শুটিং কবে শেষ হবে এবং কবে মুক্তি পাবে, তা এখনো অনিশ্চিত।
জ/দি