একসময় সংযুক্ত আরব আমিরাতকে সোমালিয়ার সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অন্যতম প্রধান সহযোগী হিসেবে উল্লেখ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। তবে মাত্র তিন বছরের ব্যবধানে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছে। সোমালিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা, আঞ্চলিক বিভাজনে উসকানি দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিরোধীদের অর্থায়নের অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মোগাদিশু।
গত ১৯ নভেম্বর আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আবুধাবি থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয় দেশটি। এর আগে গত জানুয়ারিতে আমিরাতের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক কয়েকটি চুক্তি বাতিল করেছিল সোমালিয়া।
প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের অভিযোগ, আমিরাত সোমালিয়ার রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক প্রশাসনগুলোকে অর্থায়ন করছে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ভাই নিজের ঘরে আগুন দেয় না, অজান্তে অন্যের সম্পত্তি কেনে না কিংবা পরিবারে বিভেদ সৃষ্টি করে না।’
তবে আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাশ বলেছেন, প্রেসিডেন্টের সমালোচনা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী থাকবে।
সোমালিয়ার কেন্দ্রীয় সরকার ও দেশটির আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্ব এই সংকটের অন্যতম কারণ। পুন্তল্যান্ড, জুবাল্যান্ড ও সোমালিল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে আমিরাত। এসব অঞ্চলের বন্দর, অবকাঠামো ও নিরাপত্তা খাতে দেশটির বড় বিনিয়োগ রয়েছে।
সোমালিল্যান্ডের বারবেরা বন্দরের উন্নয়নে বিনিয়োগ করেছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। অন্যদিকে, পুন্তল্যান্ডের বসাসো বন্দর পরিচালনা করছে প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা পিঅ্যান্ডও পোর্টস। এসব বিনিয়োগ সংশ্লিষ্ট আঞ্চলিক প্রশাসনগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, আমিরাতের সঙ্গে আঞ্চলিক প্রশাসনগুলোর এই সম্পর্ক সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে। বিশেষ করে বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করার এখতিয়ার কার—এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক প্রশাসনগুলোর বিরোধ আরও তীব্র হয়েছে।
প্রেসিডেন্ট মোহামুদের সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কারের উদ্যোগের বিরোধিতা করছে পুন্তল্যান্ড ও জুবাল্যান্ড। তাদের অভিযোগ, এসব পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আঞ্চলিক স্বায়ত্তশাসন খর্ব করতে চাইছে। সোমালিয়ার কর্মকর্তাদের দাবি, আমিরাত এসব বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে।
এদিকে, মোগাদিশু তুরস্ক, কাতার ও মিসরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে, আঞ্চলিক প্রশাসনগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে আমিরাত ও ইথিওপিয়ার। আর সোমালিল্যান্ড ঘনিষ্ঠ হয়েছে ইসরায়েলের সঙ্গে।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব সোমালিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে আরও জটিল করে তুলছে। সুদানও অভিযোগ করেছে, আমিরাত সোমালিয়ার বসাসো ও বারবেরা বন্দর ব্যবহার করে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তা দিচ্ছে।
এ ছাড়া ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারুস আল-জুবাইদির সোমালিয়ার ভূখণ্ড ব্যবহার করে যাতায়াতের ঘটনাও আবুধাবি ও রিয়াদের মধ্যকার বিরোধে মোগাদিশুকে জড়িয়ে ফেলেছে।
বিশ্লেষকদের মতে, সোমালিয়ার সার্বভৌমত্বের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক নেতাদের ক্ষমতার দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রতিযোগিতা—এই তিনটি বিষয়ই আমিরাতের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সূত্র: আল-জাজিরা
জ/দি