চোট কাটিয়ে ফেরার রূপকথায় এবার মৌসুম-শেষের সবচেয়ে বড় ট্রফিটিও যোগ করলেন কার্লোস আলকারাজ। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম এটিপি ফাইনালস শিরোপা জিতেছেন এই স্প্যানিশ তারকা। রোমাঞ্চকর ফাইনালে জভেরেভকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারান ২৩ বছর বয়সী আলকারাজ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই বাঁ ঊরুতে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় কোর্টে লুটিয়ে পড়েন তিনি।
এই জয়ে পুরুষ টেনিসের ইতিহাসে চতুর্থ এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম ও এটিপি ফাইনালস-সব কটি শিরোপা জেতার কীর্তি গড়লেন সাতবারের মেজর জয়ী আলকারাজ।
বছরের শুরুতে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার পর কবজির চোটে চার মাসের বেশি সময় কোর্টের বাইরে ছিলেন আলকারাজ।
গত আগস্টে ইউএস ওপেন দিয়ে ফেরার পর ৮৪ দিনের ব্যবধানে ২২ ম্যাচের ২১টিতেই জিতলেন তিনি। জভেরেভের বিপক্ষে এটি তার টানা ১৪তম জয় ও হ্যাটট্রিক শিরোপা।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত আলকারাজ বলেন, অনেক দিন ধরেই এই ট্রফিটার পেছনে ছুটছিলাম। নিজের ও দলের সঙ্গে কঠিন সময় পার করে এসেছি। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটা শেষ হতে পারত না।
ফাইনালের আগে চার ম্যাচে একবারও সার্ভিস না হারানো জভেরেভ এদিন প্রথম সেটেই ছন্দ হারান। ১৯টি আনফোর্সড এররের বিপরীতে মাত্র ৩টি উইনার মারেন জার্মান তারকা। টাইম ভায়োলেশনের শিকার হয়ে মেজাজও হারান তিনি।
দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান চলতি মৌসুমে ট্যুর-সর্বোচ্চ ৬৯ ম্যাচ জেতা জভেরেভ। টাইব্রেকারে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েও টানা ৬ পয়েন্ট জিতে তিনটি সেট পয়েন্ট আদায় করেন তিনি।
কিন্তু স্নায়ুচাপ সামলাতে না পেরে সব কটি সুযোগই হাতছাড়া করেন জভেরেভ। দুর্দান্ত এক ব্যাকহ্যান্ড উইনারে শিরোপা নিশ্চিত করেন আলকারাজ।
এদিকে পুরুষ দ্বৈতের ফাইনালে মার্সেলো আরেভালো ও মাতে পাভিচকে ৩-৬, ৭-৬ (৭-২), ১০-৬ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন প্রথমবার খেলতে নামা ফরাসি জুটি থিও আরিবাজ ও আলবানো অলিভেত্তি।
জ/বা