পোশাক খাতের ন্যূনতম মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-18T14:34:33+06:00
2026-11-18T14:34:33+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পোশাক খাতের ন্যূনতম মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৩৪ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবনধারণের উপযোগী আয় নিশ্চিত করা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব ও পর্যালোচনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার সদস্যের পরিবারের ব্যয়ের হিসাব এবং বিদ্যমান তথ্য-উপাত্ত পর্যালোচনা করে সিপিডি দেখেছে, দ্রব্যমূল্যসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকায় যে জীবনযাপন সম্ভব ছিল, বর্তমানে একই জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রয়োজন হচ্ছে ১৬ হাজার ৩০০ টাকা।

সিপিডির হিসাব অনুযায়ী, শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া এড়াতে একজন উপার্জনকারী শ্রমিকের মাসিক ন্যূনতম আয় হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, মৌলিক ব্যয় মেটানোর পাশাপাশি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন হবে ২৪ হাজার টাকার বেশি।

ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমানে মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি অনেকটা দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে মালিক ও শ্রমিক-উভয় পক্ষের মধ্যেই অসন্তোষ থেকে যায়।

তিনি মনে করেন, মজুরি নির্ধারণের অন্তত ছয় মাস আগে সংশ্লিষ্ট বোর্ড গঠন করা উচিত। মূল্যস্ফীতি, শিল্পাঞ্চলে জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা, কাজের ধরন এবং উৎপাদনশীলতার মতো বিষয় বিবেচনায় নিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান ধরে রাখতে জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি। এটি এখন শুধু শ্রমিকের অধিকার রক্ষার বিষয় নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার ও প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম শর্ত হয়ে উঠেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত