প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। এতে নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা।
সভায় নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি উদ্যোগ রয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর আবাসিক সমস্যা সমাধানে ঢাকায় অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের একাধিক প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প।
অন্যদিকে, চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাবের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।
অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো খাতেও বেশ কয়েকটি প্রকল্প আলোচনায় আসবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র নির্মাণ এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব।
এ ছাড়া দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্পও সভার আলোচ্যসূচিতে রয়েছে বলে জানা গেছে।
জ/শা