জাতিসংঘের পুরোনো ব্যবস্থার মাধ্যমে বর্তমান বিশ্বের সংকট মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের সংস্কার, ভেটো ক্ষমতার ব্যবহার, রোহিঙ্গা গণহত্যার বিচার এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, ১৯৪৫ সালের পৃথিবী আর বর্তমান বিশ্বের মধ্যে রাজনৈতিক ও ক্ষমতার ভারসাম্যের দিক থেকে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈশ্বিক বাস্তবতা বদলে গেলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি।
তার মতে, নিরাপত্তা পরিষদে আফ্রিকার প্রতিনিধিত্ব না থাকা বৈশ্বিক ব্যবস্থার অন্যতম বড় ঐতিহাসিক বৈষম্য। আফ্রিকা মহাদেশের শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তাদের স্থায়ী প্রতিনিধিত্ব নেই। এ অবস্থার পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে, কোনোভাবেই শুধু সিদ্ধান্তের বিষয়বস্তু হিসেবে বিবেচনা করা যাবে না।
নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আলোচনা এগিয়ে নিতে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান তিনি। তবে এই সংস্কার সহজ নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যসংক্রান্ত কাঠামোয় পরিবর্তন আনতে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে।
এ ক্ষেত্রে স্থায়ী পাঁচ সদস্যের সম্মতি প্রয়োজন। তাই রাতারাতি পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে অগ্রগতির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
বিশ্বের বিভিন্ন সংঘাত মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পেছনে স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো ক্ষমতার অপব্যবহারকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের হলেও স্থায়ী সদস্যদের মতবিরোধের কারণে অনেক গুরুত্বপূর্ণ সংকটে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সহিংসতা দীর্ঘায়িত হচ্ছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জাতিসংঘ সনদের বিধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের ভূমিকার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের ইতিহাসে সদস্য রাষ্ট্র বহিষ্কারের ঘটনা অত্যন্ত বিরল। চীনের প্রতিনিধিত্ব পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে স্বীকৃতি দেওয়ার ঘটনাটি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে সংস্থাটির রাজনৈতিক কর্মকাণ্ড এবং মাঠপর্যায়ের মানবিক কার্যক্রমকে আলাদা করে দেখার আহ্বান জানান তিনি। তার মতে, নিরাপত্তা পরিষদ রাজনৈতিক মতবিরোধের কারণে অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়লেও সাধারণ মানুষের জীবন রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তাও বাস্তবসম্মত নয় বলে মনে করেন তিনি। কারণ সংস্থাটি না থাকলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে নতুন করে একই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন হবে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাও সাক্ষাৎকারে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি জানান, অর্থায়নের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদের কাজে যুক্ত করে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে। এতে সীমিত সম্পদের মধ্যেও সেবা অব্যাহত রাখা সম্ভব হয়েছিল।
সম্প্রতি কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় প্রতিনিধিদল এবং দাতা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রমের ইতিবাচক দিক উঠে এসেছে। সাধারণ মানুষের জীবন রক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সেখানে সংস্থাটির স্থানীয় দল কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়েও কথা বলেন সাধারণ পরিষদের সভাপতি। তার মতে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, তাপমাত্রা বৃদ্ধি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। কপ৩১-এর মতো সম্মেলন সেই বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। জাতিসংঘের নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম ছাড়া বিশ্বের প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একসঙ্গে এনে কার্যকর সমঝোতায় পৌঁছানো কঠিন।
সাক্ষাৎকারের শেষ দিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন ড. খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে অনুষ্ঠিত নয়টি মহাসচিব নির্বাচনের ক্ষেত্রেই নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদের সাধারণ পরিষদ নিয়োগ দিয়েছে।
জ/বা