সৌদি আরবের নিরাপত্তায় মিসরের সামরিক উপস্থিতি জোরদার

আন্তর্জাতিক

2026-11-12T11:54:57+06:00
2026-11-12T11:54:57+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদি আরবের নিরাপত্তায় মিসরের সামরিক উপস্থিতি জোরদার
⏲ ১১:৫৪ এএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে কয়েক মাস আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিসর। এমনকি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে কায়রো।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদি আরবের প্রতিরক্ষায় পাশে থাকার ঘোষণা দেওয়ার আগেই এসব সামরিক তৎপরতা শুরু হয়েছিল। তবে ইয়েমেনে হুথি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘাতে মিসর শেষ পর্যন্ত স্থলসেনা পাঠাবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মিসরের মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহণ বিমান। পাশাপাশি সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-আমুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় মোতায়েন করেছে মিসর।

এ ছাড়া মিসরের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে। লোহিত সাগর থেকে এই প্রণালির মাধ্যমে এডেন উপসাগরে প্রবেশ করতে হয়। ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও সুয়েজ খালের নিরাপত্তার জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগেই সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল। বর্তমানে সেই উপস্থিতি আরও জোরদার করা হচ্ছে।

এর আগে ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান সিসি। ২৬ অক্টোবর পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে এ প্রস্তাব অনুমোদিত হয়।

তবে ইয়েমেনে স্থল অভিযানে অংশ নেওয়ার প্রশ্নে মিসরের সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, সিসি সৌদি অভিযানে সরাসরি অংশ নেওয়ার পক্ষে। তাঁর যুক্তি, লোহিত সাগর, সুয়েজ খাল ও মিসরের পানিনিরাপত্তা রক্ষায় হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা জরুরি।

ওই কর্মকর্তার দাবি, এ ক্ষেত্রে সৌদি আরবের আর্থিক সহায়তাও কায়রোর বিবেচনায় রয়েছে। সম্প্রতি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৫৩০ কোটি ডলারের আমানত আরও এক বছরের জন্য নবায়নের খবর প্রকাশিত হয়েছে। তবে আমানত নবায়নের সঙ্গে সামরিক সিদ্ধান্তের সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ নেই।

অন্যদিকে, আরেক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যরা ইয়েমেনে স্থল অভিযানে অংশ না নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

অতীত অভিজ্ঞতাও মিসরের জন্য বড় বিবেচ্য বিষয়। ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হাজার হাজার সেনা পাঠিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। দীর্ঘ সাত বছরের সেই যুদ্ধে বহু মিসরীয় সেনা নিহত হন।

এবারও ইয়েমেনে স্থলযুদ্ধ এড়িয়ে বিমান ও নৌ অভিযানের মাধ্যমে হুথিদের সামরিক অবকাঠামো দুর্বল করার কৌশল নিতে পারে মিসর। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার ওপরই নির্ভর করছে কায়রোর পরবর্তী সামরিক সিদ্ধান্ত।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত