প্রশাসন ও পুলিশে এখনো অবস্থান করা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
দুলু বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সামগ্রিক পরিবর্তন এবং অর্থনীতি পুনর্গঠনের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
তিনি আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, কুইক রেন্টালের নামে আগের সরকার কোটি কোটি টাকা অপচয় করেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের অর্থনীতিকে আবারও সচল করে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এ সময় গভীর রাতে অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিরোধে জনগণ, বিএনপি ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হুইপ দুলু।
জ/দি