মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। ২০২৮ সালে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরে প্রদর্শিত হবে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন করণ জোহর। নির্মাতা হিসেবে এটিই ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। রাহুল, অঞ্জলি ও টিনাকে ঘিরে নির্মিত প্রেমের গল্পটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সময়ের ব্যবধানে সিনেমাটি বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ছবি হিসেবে জায়গা করে নিয়েছে।
সিনেমাটির অন্যতম আকর্ষণ ছিল স্কটল্যান্ডের মনোরম প্রাকৃতিক পরিবেশে ধারণ করা দৃশ্যগুলো। আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরিসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ছবিটির শুটিং হয়। স্কটল্যান্ডে বড় পরিসরে চিত্রায়িত প্রথম দিকের ভারতীয় সিনেমাগুলোর মধ্যেও এটি উল্লেখযোগ্য।
এদিকে সম্প্রতি মুম্বাইয়ে ধর্মা প্রোডাকশনসের কার্যালয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে সাক্ষাৎ করেন করণ জোহর। বৈঠকে স্ক্রিন স্কটল্যান্ডের অন্তর্বর্তী নির্বাহী পরিচালক ডেভিড স্মিথও উপস্থিত ছিলেন। সেখানে ভারত ও স্কটল্যান্ডের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ, যৌথ প্রযোজনা, নতুন প্রতিভা তৈরি এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জন সুইনি ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণে স্কটল্যান্ড গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশীদার হয়ে ওঠার সম্ভাবনা রাখে।
এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী ও পরিচালক পল রিড জানান, উৎসবের ৮১তম আসরে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর তিন দশক পূর্তি উদযাপন করতে পেরে তারা আনন্দিত। এ আয়োজনে পরিচালক করণ জোহরসহ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অতিথিদের উপস্থিতি প্রত্যাশা করছেন তাঁরা।
উল্লেখ্য, এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১২ থেকে ১৮ আগস্ট। পরের বছর ৮১তম আসরে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হবে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মুক্তির ৩০ বছর পূর্তি।