অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আগ্রহী ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অবসর পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে কাটানো মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
এবার নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা কিছু ছবি প্রকাশ করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত এই স্থানের আয়নাঘেরা পরিবেশ ও কাচের প্রতিফলনের মাঝে দেখা গেছে তাঁকে।
ছবিগুলোতে লাল রঙের ক্ল্যাসিক পোশাকে নজর কেড়েছেন প্রভা। নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে ছিল লাল লিপস্টিক। কানে ছোট পার্লের দুল, কাঁধে লম্বা চেইনের ব্যাগ আর খোলা চুলে ক্যামেরার সামনে সাবলীল ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।
সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট শুধু শহরের দৃশ্য দেখার পর্যবেক্ষণকেন্দ্র নয়; আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি বিশেষ পর্যটন আকর্ষণ। আয়নাঘেরা কক্ষ, কাচের মিরর স্কাই বক্স ও বিভিন্ন অপটিক্যাল ইল্যুশন দর্শনার্থীদের জন্য তৈরি করে ভিন্নধর্মী অভিজ্ঞতা। এখান থেকে নিউইয়র্কের আকাশচুম্বী ভবনগুলোর মনোরম দৃশ্য উপভোগের পাশাপাশি ছবি তোলার সুযোগও রয়েছে।
এর আগে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবকাশ কাটানোর মুহূর্তও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন প্রভা। সমুদ্রের সান্নিধ্যে প্রকৃতির মাঝে সময় কাটানোর পাশাপাশি একা ভ্রমণের প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছিলেন তিনি।
জ/উ