সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ রোববার (১ নভেম্বর) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে।
আখতারুজ্জামানের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ হাইকোর্টে জামিন আবেদনের ওপর শুনানি করবেন তারা।
এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ আখতারুজ্জামানের জামিন আবেদন খারিজ করেন। আদালতের বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকায় নিজের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর রাজধানীর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
জ/শা