জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ নির্বিঘ্নে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে লংমার্চের বহরটি গোপালগঞ্জ পুলিশ লাইন মোড় পার হয়।
লংমার্চকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। জেলার মুকসুদপুর, ভাটিয়াপাড়া, পুলিশ লাইন মোড়, বেদগ্রাম মোড় ও ঘোনাপাড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সার্বক্ষণিক নজরদারিও চালানো হয়।
এদিকে, জামায়াতের নেতাকর্মীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর বোরকা পরা নারী ও শিশুদের জড়ো করা হয় বলে জানা গেছে।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সহস্রাধিক যানবাহন লংমার্চে অংশ নেয়। তিনি সাদা রঙের একটি গাড়িতে বসে হাত নেড়ে গোপালগঞ্জ অতিক্রম করেন। এ সময় তাঁর বহরে খোলা ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে দলীয় নেতাকর্মীদের দেখা যায়।
জেলা প্রশাসনের সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নীরব অবস্থানের কারণে লংমার্চটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করেছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
গোপালগঞ্জ পার হওয়ার পর লংমার্চের বহরটি বাগেরহাট জেলার ওপর দিয়ে খুলনার উদ্দেশে যাত্রা করে। জোটের নেতাকর্মীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
জ/উ